সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো শুধু নারীদের খেলার টিভি চ্যানেল

সৌদি আরবে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশটিতে প্রথমবারের মতো চালু হলো শুধুমাত্র নারীদের খেলা সম্প্রচারের টিভি চ্যানেল। ‘এসএসজি এডব্লিউএসএন’ (SSG AWSN) নামের এই বিশেষ চ্যানেলটি ২৪ ঘণ্টা সম্প্রচার করবে এবং একচেটিয়াভাবে নারীদের খেলাধুলা দেখানো হবে।
চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে। এর কার্যক্রম পরিচালনা করছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (AWSN), সৌদি ফুটবল ফেডারেশন এবং জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির যৌথ উদ্যোগে। প্রাথমিকভাবে চ্যানেলটির সম্প্রচার দেখা যাচ্ছে এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে, শিগগিরই এটি স্যাটেলাইট টেলিভিশনেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম দিন থেকেই নারী দর্শকদের জন্য বড় আয়োজন নিয়ে হাজির হয়েছে নতুন এই নেটওয়ার্ক। সৌদি নারী প্রিমিয়ার লীগ ফুটবলের সরাসরি ম্যাচ দেখানো হচ্ছে এতে। পাশাপাশি উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপ ও বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নারী প্রতিযোগিতাও সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে। ফলে সৌদি আরবের দর্শকরা যেমন সরাসরি নিজেদের নারী লীগের খেলা দেখতে পারবেন, তেমনি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাও ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন—
“সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা শুধু প্রচলিত বাধাগুলো ভাঙছি না, বরং আন্তর্জাতিক মানের প্রতিভা ও প্রতিযোগিতাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছি।”
সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে নারীদের স্বাধীনতা, সামাজিক অংশগ্রহণ এবং খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগ চলমান রয়েছে। কয়েক বছর আগেও যেখানে নারীদের খেলাধুলা সীমাবদ্ধ ছিল, এখন সেখানে নারী ফুটবলাররা হিজাব পরে বিশ্বকাপসহ নানা আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, নতুন এই টিভি চ্যানেল সৌদি নারীদের খেলাধুলাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। শুধু সৌদি আরবেই নয়, বিশ্বজুড়ে মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য এটি হতে পারে এক অনন্য প্রেরণা ও দৃষ্টান্ত।



আপনার মতামত লিখুন
Array