কোরিয়ার জালে ব্রাজিলের পাঁচ গোল

সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার বিকেলে ফুটবলের জাদু ছড়ালো ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গোলের ফুলঝুরি ছুড়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার জালে। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে ৫–০ ব্যবধানে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের প্রথম বাঁশি বাজতেই ব্রাজিল বুঝিয়ে দেয়, তারা এসেছে জয়ের জন্য, প্রদর্শনের জন্য নয়। ১৩তম মিনিটে চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়াম প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এর ২০ মিনিট পর আবারও তার পায়ে আসে গোল — চমৎকার ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই নবীন তারকা।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল। বিরতি থেকে ফিরে খেলার গতি বাড়িয়ে দেন ক্যাসিমিরো, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়ররা। ৪৭ মিনিটে রদ্রিগো ব্রাজিলের তৃতীয় গোলটি করেন, এস্তেভাওয়ের সুন্দর অ্যাসিস্টে। এরপর ৪৯ মিনিটে রদ্রিগো নিজের দ্বিতীয় গোলও তুলে নেন, দক্ষিণ কোরিয়ার রক্ষণ ভেঙে ডান পায়ের শটে বল জড়িয়ে দেন জালে।
ম্যাচের শেষ দিকে ব্রাজিলের আক্রমণ ছিল একতরফা। ৮০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোলরক্ষক হিউন-উ জো’কে ফাঁকি দিয়ে দলের পঞ্চম গোলটি করেন। রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের দুর্দান্ত ড্রিবলিং ও ফিনিশিংয়ে দর্শক আসনে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকেরা।
ডাগআউটে দাঁড়িয়ে ছিলেন শান্ত-স্বভাবের কোচ কার্লো আনচেলত্তি। তার মুখে তৃপ্তির হাসি, তবে ভঙ্গিতে ছিল স্বাভাবিকতা—যেন এই জয়ে কোনো বিস্ময় নেই, এটাই ব্রাজিলের স্বাভাবিক ফুটবল।
পরিসংখ্যানে বোঝা যায়, পুরো ম্যাচে ব্রাজিলের নিয়ন্ত্রণ ছিল পূর্ণমাত্রায়। তারা বল দখলে রেখেছিল প্রায় ৫৯ শতাংশ সময়, নিয়েছিল ১৪টি শট, যার মধ্যে ৭টি ছিল অন টার্গেট। বিপরীতে দক্ষিণ কোরিয়া নিতে পেরেছিল মাত্র ৪টি শট, যার একটিও তেমন হুমকি তৈরি করতে পারেনি।
নিজেদের মাঠে এমন একতরফা পরাজয়ে হতাশ কোরিয়ান সমর্থকেরা, অন্যদিকে ব্রাজিল শিবিরে আনন্দ ও আত্মবিশ্বাসের জোয়ার। আনচেলত্তির দলের পরবর্তী চ্যালেঞ্জ এখন টোকিওতে—১৪ অক্টোবর তারা মুখোমুখি হবে স্বাগতিক জাপানের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।



আপনার মতামত লিখুন
Array