কক্সবাজারে ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত ২০ জন – ম্যাচ স্থগিত

কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে বড় ধরনের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় মাঠে খেলা আর শুরুই হয়নি, শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল রামু ও টেকনাফ উপজেলার দল। খেলা শুরুর আগেই হাজারো দর্শক স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করে ফেলে। তবে নির্ধারিত আসন পূর্ণ হওয়ার পরও অনেক দর্শক জোর করে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই পরিস্থিতি সামাল দিতে মাঠে উপস্থিত সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তৎপর হন।
তাদের বাধা দেওয়ায় পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে দর্শকরা গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট-পাটকেল ছোড়েন। এতে সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন।
হঠাৎ শুরু হওয়া এই সংঘর্ষে স্টেডিয়ামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনার কারণে খেলাটি আর মাঠে গড়ায়নি।
স্থানীয় ফুটবলপ্রেমীরা এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর জেলার অন্যতম বড় ফুটবল আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হওয়ায় দর্শক ও খেলোয়াড়দের মধ্যে হতাশা নেমে এসেছে।
এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।



আপনার মতামত লিখুন
Array