বাংলাদেশ দলে ফিরছেন হামজা চৌধুরী ও শমিত সোম, সামনে ভারত-নেপাল চ্যালেঞ্জ

নেপাল ও ভারতের বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের কাভালরি এফসির ডিফেন্ডার শমিত সোম আগামী কয়েক দিনের মধ্যেই যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে।
দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, আগামীকাল (সোমবার) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন হামজা চৌধুরী। পরদিন (মঙ্গলবার) রাত ১২টার ফ্লাইটে ঢাকায় নামবেন শমিত সোম। দুজনই সরাসরি দলের অনুশীলনে অংশ নেবেন বলে জানা গেছে।
আজ (রবিবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে জামাল ভূঁইয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রস্তুতি পর্বের এই পর্যায়ে দুই প্রবাসী ফুটবলারের যোগদান দলকে আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছেন কোচিং স্টাফরা।
এর আগে অক্টোবর মাসে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন হামজা ও শমিত। অ্যাওয়ে ম্যাচ শেষে তাঁরা নিজ নিজ ক্লাবে ফিরে গিয়েছিলেন।
বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৮ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হবে শক্তিশালী ভারত।



আপনার মতামত লিখুন
Array