বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ব্রাজিল

অনূর্ধ্ব–২০ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। টুর্নামেন্টটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর, যেখানে অংশ নিচ্ছে মোট ২৪টি দল। এখন পর্যন্ত নিজেদের দুটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল— তবে ফলাফলে বিপরীত চিত্র।
আর্জেন্টিনা তাদের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। কিন্তু ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হেরে বড় ধাক্কা খেল।
বুধবার রাতে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ২–১ গোলের পরাজয় মেনে নিতে হয় তরুণ সেলেসাওদের। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মরক্কো দারুণভাবে খেলায় নিয়ন্ত্রণ নেয়। ৬০ মিনিটে ওসমানে মাম্মার এবং ৭৬ মিনিটে ইয়াসির জাবিরি গোল করে দলকে এগিয়ে নেন।
যদিও যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ব্রাজিলের ইয়াগো দা সিলভা পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন, তবে তা হারের শঙ্কা কাটাতে যথেষ্ট হয়নি।
এ জয়ে মরক্কো দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে এক ড্র ও এক হারে ব্রাজিলের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট, যা তাদের তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। গ্রুপের অপর দুটি দল হলো মেক্সিকো ও স্পেন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। এছাড়া ছয় গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা চারটি দলও পরবর্তী রাউন্ডে জায়গা পাবে। তাই ব্রাজিলের সামনে আর কোনো বিকল্প নেই— আগামী রোববার স্পেনের বিপক্ষে জয় ছাড়া কিছুই তাদের টিকে থাকার আশা জাগাতে পারবে না।



আপনার মতামত লিখুন
Array