মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন হার্ভার্ড এক্সেস ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা খায়রুজামান খান।

৩১ আগস্ট ২০২৫
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতার প্রতীক মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) ঢাকার পুরানা পল্টন লাইনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান হার্ভার্ড এক্সেস (এইচ,এ) ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ, তারাকান্দা, ময়মনসিংহের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
পুরস্কার গ্রহণের পর শিক্ষাবিদ আবেগাপ্লুত হয়ে বলেন—
“২০১৫ সাল থেকে প্রতিকূল পরিবেশে প্রতিষ্ঠানটি পরিচালনা করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। আজ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আমি গর্বিত। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই এবং নির্বাচক কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশ্রম কখনো বৃথা যায় না, আজকের এই প্রাপ্তিই তার প্রমাণ।”
তিনি আরও বলেন, এ সম্মাননা তিনি উৎসর্গ করেছেন তাঁদের প্রতি যারা সত্য, ন্যায় এবং শিক্ষা বিস্তারের পথে সবসময় পাশে থেকেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, প্রতিষ্ঠাকালীন কলেজ পরিদর্শক প্রফেসর শেখ হাবিবুর রহমান, বর্তমান উপ-কলেজ পরিদর্শক জামাল উদ্দিন আহমেদ, তারাকান্দা উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক এবং একাডেমিক সুপারভাইজার বাবু সুধন কুমার সরকারের প্রতি।
স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, ৩০ আগস্টের এই অর্জন তারাকান্দা ও ময়মনসিংহের শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।



আপনার মতামত লিখুন
Array