খুঁজুন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র, ১৪৩৩

ঢাবির হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ
ঢাবির হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা

ঢাকা, ০৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সব ধরনের প্রকাশ্য ও গোপন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। এর আগে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন হলের কমিটি ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং জানান যে, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে এবং ২০২৪ সালের ১৭ জুলাই নেওয়া হল প্রভোস্টদের সিদ্ধান্ত বহাল থাকবে। এই ঘোষণার পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে হলে ফিরে যান।
প্রতিবাদের কারণ
ছাত্রদলের ১৮টি হলের কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। গত বছর হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা হলেও ছাত্রদলের এই পদক্ষেপ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে নারী শিক্ষার্থীদের হলগুলোতে বিক্ষোভ শুরু হয়। তারা পদপ্রাপ্ত শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কারের দাবি জানান।
রাত ১২টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় রোকেয়া হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন। এরপর জিয়াউর রহমান হল, মুহসীন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। তারা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন: “হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” এবং “এক দুই তিন চার, কমিটি দিছিস হল ছাড়”।
প্রশাসনের চূড়ান্ত পদক্ষেপ
শিক্ষার্থীদের ক্রমাগত চাপের মুখে রাত ২টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ঘোষণা দেন যে, ঢাবির হলগুলোতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হলো। এ সময় উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ঘোষণার পর রাত ৩টার দিকে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নেয় এবং হলে ফিরে যায়।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। অন্যদিকে, কিছু মহল মনে করছে এটি রাজনৈতিক অধিকারের উপর এক ধরনের হস্তক্ষেপ।

জর্ডান সফরে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল, খেলবে দুটি প্রীতি ম্যাচ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
জর্ডান সফরে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল, খেলবে দুটি প্রীতি ম্যাচ

জর্ডান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দল। সফরে স্বাগতিক জর্ডান অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোরীরা।

সফরকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। সেখানে জর্ডান সফরের প্রস্তুতি ও ম্যাচসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী টিটু এবং ঢাকা ব্যাংকের কারওয়ান বাজার শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন।

এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় দলের খেলোয়াড় মেঘলা রানী রায় ও আলপি আক্তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জর্ডানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাংলাদেশের তরুণ নারী ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধানমন্ডিতে কিশোরী ফুটবলের আসর উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
ধানমন্ডিতে কিশোরী ফুটবলের আসর উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা-২০২৬। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (ঢাকা-২) শিরিন সুলতানা এবং ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

দেশের বিভিন্ন বিভাগ ও জেলার ১৬টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে মাঠে গড়িয়েছে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। গ্রুপ ‘বি’-তে রংপুর জেলা দল মুখোমুখি হয়েছে খাগড়াছড়ি জেলা দলের। একই গ্রুপে সিলেট জেলা খেলছে টাঙ্গাইল জেলার বিপক্ষে।

এছাড়া গ্রুপ ‘এ’-তে খুলনা-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-জয়পুরহাট, গ্রুপ ‘সি’-তে চট্টগ্রাম-মৌলভীবাজার ও পিরোজপুর-রাঙ্গামাটি এবং গ্রুপ ‘ডি’-তে নারায়ণগঞ্জ-সাতক্ষীরার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ ‘ডি’-এর রাজশাহী-নেত্রকোনা ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে।

গ্রুপ পর্বের পর ৫ সেপ্টেম্বর চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ৬ সেপ্টেম্বর সকালে দুটি সেমিফাইনাল এবং একই দিনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোরী ফুটবলার তুলে আনা এবং দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলবে প্রতিযোগিতাটি।

রংপুরের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর প্রত্যয়, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রংপুরের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর প্রত্যয়, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময়

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলোর অবদান এবং বিদ্যমান সমস্যা নিয়ে ক্লাব-প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় আবু সাঈদ স্টেডিয়াম, রংপুরে জেলা ক্রীড়া সংস্থা, রংপুর অ্যাডহক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, রংপুরের জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল কোচ শামীম খান মিসকিন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ক্লাব-প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় রংপুরের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, ক্লাবগুলোর অবদান, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ ও অবকাঠামোগত সমস্যা এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

সভায় সামছুজ্জামান সামু বলেন, “ক্রীড়া ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় মূল্যায়ন করা হবে। আমরা এটি বাস্তবায়ন করতে চাই। ভঙ্গুর জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে সাজাতে চাই এবং রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চাই। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।”

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছি। ফুটবল ক্লাবগুলোকে সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা সভায় বিভিন্ন প্রস্তাবনা পুনরায় তুলে ধরেন। তিনি রংপুরের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক বিভিন্ন আয়োজনের বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ আয়োজন করা হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছে। রংপুরে ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও জনস্রোত দেখা গেছে। এ ধরনের আয়োজন রংপুরের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তারা বলেন, রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাব, সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় ক্লাব ও সংগঠনগুলোর পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে জেলা ক্রীড়া সংস্থা।