খুঁজুন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র, ১৪৩৩

জেএফএ অনূর্ধ্ব-১৪ চূড়ান্ত পর্বে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর বিশেষ উপহার, ৮ দলের জন্য শাড়ি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
জেএফএ অনূর্ধ্ব-১৪ চূড়ান্ত পর্বে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর বিশেষ উপহার, ৮ দলের জন্য শাড়ি

জেএফএ অনূর্ধ্ব-১৪ চূড়ান্ত পর্ব ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচদের সম্মাননা জানিয়ে আয়োজন করা হয় এক আন্তরিক অনুষ্ঠানের। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু টুর্নামেন্টে অংশ নেওয়া সব ৮টি দলের খেলোয়াড় ও কোচদের জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন।

এই ঘোষণার অংশ হিসেবে মঙ্গলবার টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ দলের খেলোয়াড় ও কোচদের হাতে আনুষ্ঠানিকভাবে শাড়ি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শাড়ি বিতরণ করেন মাহামুদুল হক সানু, কনভেনার, টুর্নামেন্ট কমিটি। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানস বোস বাবুরাম, প্রতিনিধি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন; নজরুল ইসলাম নিয়ন, প্রতিনিধি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন; দীন মোহাম্মদ আকন্দ, মেস কমিশনার; এবং মিলন মিয়া, কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বক্তারা বলেন, দেশের তৃণমূল পর্যায়ের নারী ফুটবল আজ আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সরকার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও শিক্ষার প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি উপহার পেয়ে খেলোয়াড় ও কোচরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। টুর্নামেন্টের ব্যস্ত সূচির মাঝেও এ সম্মাননা অনুষ্ঠান অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করেছে।

উল্লেখ্য, জেএফএ অনূর্ধ্ব-১৪ চূড়ান্ত পর্ব ২০২৬-এ অংশ নিচ্ছে রংপুর, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, রাঙ্গামাটি, রাজবাড়ী, গাইবান্ধা ও মাগুরা জেলা দল। ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই টুর্নামেন্টকে বিবেচনা করা হচ্ছে।

জর্ডান সফরে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল, খেলবে দুটি প্রীতি ম্যাচ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
জর্ডান সফরে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল, খেলবে দুটি প্রীতি ম্যাচ

জর্ডান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দল। সফরে স্বাগতিক জর্ডান অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোরীরা।

সফরকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। সেখানে জর্ডান সফরের প্রস্তুতি ও ম্যাচসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী টিটু এবং ঢাকা ব্যাংকের কারওয়ান বাজার শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন।

এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় দলের খেলোয়াড় মেঘলা রানী রায় ও আলপি আক্তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জর্ডানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাংলাদেশের তরুণ নারী ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধানমন্ডিতে কিশোরী ফুটবলের আসর উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
ধানমন্ডিতে কিশোরী ফুটবলের আসর উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা-২০২৬। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (ঢাকা-২) শিরিন সুলতানা এবং ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

দেশের বিভিন্ন বিভাগ ও জেলার ১৬টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে মাঠে গড়িয়েছে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। গ্রুপ ‘বি’-তে রংপুর জেলা দল মুখোমুখি হয়েছে খাগড়াছড়ি জেলা দলের। একই গ্রুপে সিলেট জেলা খেলছে টাঙ্গাইল জেলার বিপক্ষে।

এছাড়া গ্রুপ ‘এ’-তে খুলনা-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-জয়পুরহাট, গ্রুপ ‘সি’-তে চট্টগ্রাম-মৌলভীবাজার ও পিরোজপুর-রাঙ্গামাটি এবং গ্রুপ ‘ডি’-তে নারায়ণগঞ্জ-সাতক্ষীরার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ ‘ডি’-এর রাজশাহী-নেত্রকোনা ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে।

গ্রুপ পর্বের পর ৫ সেপ্টেম্বর চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ৬ সেপ্টেম্বর সকালে দুটি সেমিফাইনাল এবং একই দিনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোরী ফুটবলার তুলে আনা এবং দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলবে প্রতিযোগিতাটি।

রংপুরের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর প্রত্যয়, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রংপুরের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর প্রত্যয়, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময়

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলোর অবদান এবং বিদ্যমান সমস্যা নিয়ে ক্লাব-প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় আবু সাঈদ স্টেডিয়াম, রংপুরে জেলা ক্রীড়া সংস্থা, রংপুর অ্যাডহক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, রংপুরের জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল কোচ শামীম খান মিসকিন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ক্লাব-প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় রংপুরের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, ক্লাবগুলোর অবদান, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ ও অবকাঠামোগত সমস্যা এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

সভায় সামছুজ্জামান সামু বলেন, “ক্রীড়া ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় মূল্যায়ন করা হবে। আমরা এটি বাস্তবায়ন করতে চাই। ভঙ্গুর জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে সাজাতে চাই এবং রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চাই। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।”

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছি। ফুটবল ক্লাবগুলোকে সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা সভায় বিভিন্ন প্রস্তাবনা পুনরায় তুলে ধরেন। তিনি রংপুরের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক বিভিন্ন আয়োজনের বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ আয়োজন করা হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছে। রংপুরে ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও জনস্রোত দেখা গেছে। এ ধরনের আয়োজন রংপুরের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তারা বলেন, রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাব, সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় ক্লাব ও সংগঠনগুলোর পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে জেলা ক্রীড়া সংস্থা।