স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (JFA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত JFA U-14 Women’s Youth Development Programme 2026-এর টাঙ্গাইল ভেনুর আঞ্চলিক পর্ব মঙ্গলবার (১৭ জুন ২০২৬) বর্ণাঢ্য ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। নারী ফুটবলে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালে দাপুটে পারফরম্যান্সে টাঙ্গাইল ৩-১ গোলে ময়মনসিংহকে হারিয়ে শিরোপা জয় করে।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে টাঙ্গাইল। ম্যাচের ২১তম মিনিটে আফরিন প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে হ্যাপি ব্যবধান দ্বিগুণ করেন। এক মিনিট পরই ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আফরিন টাঙ্গাইলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ময়মনসিংহ। ৬২তম মিনিটে সামিহা মণ্ডল একটি গোল শোধ করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরে আসতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে টাঙ্গাইল।
ফাইনাল শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুল হক প্রিন্স। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক সানু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি মানস বোস বাবুরাম এবং বাফুফের কোচ আমিন রানা, যাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের শৃঙ্খলা, দলগত সমন্বয়, টেকনিক্যাল দক্ষতা ও লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আঞ্চলিক প্রতিযোগিতা দেশের নারী ফুটবলের ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ৭:০১ অপরাহ্ণ