মেসিকে দলে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৮:২৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ তারকাকেই আবারও দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর আক্রমণে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আছেন আগের মতোই।

তবে অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে এবারও দলে দেখা যায়নি। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।
ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো এবার সুযোগ পেয়েছেন স্কোয়াডে। পাশাপাশি নতুন প্রজন্মের কয়েকজন ফুটবলারও জায়গা করে নিয়েছেন দলে। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা ও হোসে ম্যানুয়েল লোপেজ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছেন।

স্থানীয় গণমাধ্যমের খবর, ফিটনেস নিয়ে শঙ্কার কারণে শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ লেফট ব্যাক মার্কোস আকুনার।
‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন