চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বড় স্বস্তি বার্সেলোনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৩২ পূর্বাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বার্সেলোনা পেল দারুণ এক সুখবর। আচরণবিধি ভঙ্গের দায়ে প্রধান কোচ হ্যান্সি ফ্লিক ও সহকারী মার্কাস সর্গের এক ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফলে আসন্ন ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন দুজনই।

গত মৌসুমের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় কাতালানরা। সেই ম্যাচেই রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় ফ্লিক-সর্গকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ক্লাবকে গুনতে হয় ২০ হাজার ইউরো জরিমানা। বার্সার আপিলের পর নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হলেও জরিমানা বহাল রেখেছে উয়েফা। আগামী এক বছরে যদি আবারও একই ধরনের আচরণবিধি লঙ্ঘন ঘটে, তাহলে শাস্তি কার্যকর হবে।

এদিকে, শুধু কোচিং স্টাফ নয়, খেলোয়াড় ও সমর্থকদের আচরণের কারণেও জরিমানা গুনতে হচ্ছে ক্লাবকে। লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কি অ্যান্টি-ডোপিং কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় পেয়েছেন ৫ হাজার ইউরো করে জরিমানা। দর্শকদের অশৃঙ্খল আচরণের কারণে আরও প্রায় ৭৭৫০ ইউরো যোগ হয়েছে বার্সার জরিমানার তালিকায়।

সব মিলিয়ে আর্থিক জরিমানা থাকলেও, নিউক্যাসলের বিপক্ষে ১৯ সেপ্টেম্বরের প্রথম ম্যাচে কোচদের উপস্থিতি বার্সেলোনার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন