SAFF Women’s Championship 2026-এ মালদ্বীপের বিপক্ষে শুরুটা ছিল স্বপ্নের মতো। ম্যাচ শুরুর মাত্র ১১ সেকেন্ডের মধ্যেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। সেই দ্রুত গোলের পর বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত মিললেও ম্যাচ যত গড়িয়েছে, ততই লড়াইয়ে ফিরেছে মালদ্বীপ।
বাংলাদেশের রক্ষণভাগের কিছু ভুল এবং অসতর্কতার সুযোগ কাজে লাগিয়ে দুই গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ছড়ায় মালদ্বীপ। এক পর্যায়ে ম্যাচে চাপও তৈরি হয় বাংলাদেশের ওপর। তবে কঠিন মুহূর্ত সামলে আবারও নিজেদের ছন্দে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।
আক্রমণভাগের ধারালো ফুটবল ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে টানা জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে মারিয়া মান্দার নেতৃত্বাধীন দল।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার দেখালো বাংলাদেশ। আগের দুই আসরের চ্যাম্পিয়নরা এবারও হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যেই এগিয়ে চলছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মালদ্বীপকে।
বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ফুটবল অঙ্গনে। এখন সবার নজর সেমিফাইনালের দিকে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ