রংপুর প্রতিনিধি:
রংপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে AFC Women’s Football Day 2026। এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা Asian Football Confederation–এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে Bangladesh Football Federation, সহযোগিতায় ছিল সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব।
রংপুরের পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১৩০ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ছিল সার্টিফিকেট বিতরণ, শিশু-কিশোরীদের জন্য ফান গেম, মিনি বার গেম এবং সিনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ। পুরো আয়োজনজুড়ে নারী খেলোয়াড়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে ছোট খেলোয়াড়দের আগ্রহ ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের হেড অব ডেলিগেশন মনজুর আহমেদ আজাদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শামীম খান মিসকিন, সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মিলন মিয়া, ক্লাবের সিও ও রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ক্লাবের উপদেষ্টা ও ৪ নং ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশিদ, ৪ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে বক্তারা নারী ফুটবলের অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির গুরুত্ব তুলে ধরেন।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, “এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় আয়োজন। আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করে যাচ্ছে।”
সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের সিও জহির আলম নয়ন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাবকে ঘিরে কাজ করে যাচ্ছি। এবারের লিগে আমাদের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আগামী মৌসুমে আরও আধুনিক ও দক্ষ খেলোয়াড় নিয়ে দল গঠনের চেষ্টা থাকবে।”
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শামীম খান মিসকিন বলেন, “আমাদের মেয়েরা এবারের লিগে ভালো পারফরম্যান্স করেছে এবং আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। মাঠমুখী খেলোয়াড় তৈরির লক্ষ্যেই কাজ করছি। এমন সুন্দর আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই।”
সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মিলন মিয়া বলেন, “নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তৃণমূল পর্যায়ের মেয়েদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের আয়োজনটি নারী ফুটবলারদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে।”
ক্লাবের উপদেষ্টা হারুন উর রশিদ বলেন, “আমরা মেয়েদের পাশে আছি এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে শক্তিশালী খেলোয়াড়ের একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি হয়।”
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে নারী ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ । ৪:১৩ অপরাহ্ণ