বাংলাদেশে ক্রীড়াঙ্গনে প্রতিভার অভাব নেই, তবে অনেক সময় কোচরা সঠিকভাবে প্রতিভা চিহ্নিত করতে ব্যর্থ হন। এই সমস্যা সমাধানে, ফিফা বাংলাদেশে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম চালু করেছে, যার উদ্দেশ্য ফুটবল প্রতিভার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা। এরই অংশ হিসেবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৪ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করছে, যেখানে অংশগ্রহণ করবেন ৩২ জন ফুটবল কোচ।
ফিফার দক্ষিণ এশিয়ায় উন্নয়ন বিষয়ক টেকনিক্যাল কনসালটেন্ট, ভুটানিজ কোচ চকি নিমা এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু আজ, ২০ অক্টোবর ২০২৫, দুপুরে এক সংবাদ সম্মেলনে এই প্রশিক্ষণের উদ্দেশ্য ও বিস্তারিত আলোচনা করেন। চকি নিমা বলেন, “ফিফা ট্যালেন্ট ডেভলপমেন্ট স্কিমের অংশ হিসেবে আমরা এই কর্মশালায় কোচদের ফুটবল খেলোয়াড় বাছাইয়ের নতুন পদ্ধতি সম্পর্কে জানাবো, যাতে তারা ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করতে সক্ষম হন।”
এই কর্মশালায় বাংলাদেশের বিকেএসপি এবং অন্যান্য কোচিং লাইসেন্সধারী মোট ৩২ জন কোচ অংশগ্রহণ করছেন। কোচরা শিখবেন কীভাবে ফিজিক্যাল, মানসিক এবং স্কিলের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে ফুটবলার নির্বাচন করা যায়।
কর্মশালাটি ২১-২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত যশোরের শামসুল হুদা একাডেমি-তে অনুষ্ঠিত হবে। বাফুফে কর্তৃপক্ষ জানিয়েছে, শামসুল হুদা একাডেমির আধুনিক ফুটবল মাঠ, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধার কারণে এই স্থানে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, বাফুফে ভবনে বিভিন্ন কোচিং সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, তবে এবার এটি নতুন স্থান হিসেবে যশোরে আয়োজন করা হচ্ছে।
ফিফার ফুটবল বিশ্বায়ন কার্যক্রমের অংশ হিসেবে, আর্সেন ওয়েঙ্গার-এর নির্দেশনায় ফিফা বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নকে আরও শক্তিশালী করতে নানা কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে ১২ থেকে ১৬ বছর বয়সী ফুটবলারদের উন্নয়ন নিয়ে। গত দেড় বছরে ফিফার টেকনিক্যাল ডেভলপমেন্ট স্কিম এর আওতায় একাডেমি কাপ অনুষ্ঠিত হয়েছিল, আর এবার ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কর্মশালা পরিচালিত হচ্ছে।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো “এভরি ট্যালেন্ট গেট চান্স” – প্রতিটি ফুটবল প্রতিভাকে সঠিকভাবে চিহ্নিত করা এবং তাদেরকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশে ফুটবল উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৭:০৬ অপরাহ্ণ