সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু, নেপালকে ৪ গোলে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১০ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানীর শিষ্যরা। দলের হয়ে চারটি গোল করেন সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ এবং মোহাম্মদ মানিক।

ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে গতি ফিরে পায়। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করার পর ৩০ মিনিটে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদার কর্নার থেকে তৈরি হওয়া বিপজ্জনক পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয় নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি বলে জালে বল পাঠান ফরোয়ার্ড সাব্বির ইসলাম। এতে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে মানিক ও রিফাত কাজীর প্রচেষ্টা সাফল্য না পেলেও এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেই গতি বাড়ায় লাল-সবুজ জার্সিধারীরা। বিরতির পরপরই ঝড় তোলে বাংলাদেশ। মাত্র তিন মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫১ মিনিটে) টানা দুই গোল করে ব্যবধান বাড়ায় তারা। প্রথমে অপু রহমানের নিখুঁত ফিনিশিং, এরপর আরিফের গোল নিশ্চিত করে ম্যাচে বাংলাদেশকে প্রায় নিরাপদ অবস্থানে নিয়ে যায়। এরপর ৬৫ মিনিটে মানিকের অসাধারণ গোল ম্যাচের শেষ অধ্যায় রচনা করে।

পুরো ম্যাচে বাংলাদেশের তরুণরা দারুণ ছন্দে খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। নেপাল একাধিকবার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলকিপার দৃঢ়ভাবে প্রতিহত করে প্রতিটি আক্রমণ।

এই জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আত্মবিশ্বাসী সূচনা করলো বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নেপালের সঙ্গে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। গ্রুপপর্বে আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশের এই দুর্দান্ত জয় শুধু গ্রুপে এগিয়ে থাকার পথই সুগম করেনি, বরং তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

 

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন