৯ আগস্ট ২০২৫|শনিবার
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা পেলেন জীবনের আরেকটি বড় সুখবর। দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে—তারা তার জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করবে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
২১ বছর বয়সী এই ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে দেশকে এনে দিয়েছেন ঐতিহাসিক সাফল্য। ২০২৪ সালে তার গোলেই বাংলাদেশ নারী দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়। গত মাসে মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোল নিশ্চিত করেছে দেশের প্রথম এএফসি এশিয়ান কাপ খেলার সুযোগ।
রাঙামাটির পাহাড়ি অঞ্চলের বাসিন্দা ঋতুপর্ণার পারিবারিক অবস্থা দীর্ঘদিন ধরেই সংকটময়। বাবা ও একমাত্র ভাইকে হারিয়েছেন তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হয়ে মায়ের ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, ফলে নিজের পুরনো বাড়ি মেরামত বা নতুন বাড়ি নির্মাণ সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটেই বিসিবি নিজ উদ্যোগে বাড়ি তৈরির দায়িত্ব নিয়েছে।
সম্প্রতি ভুটানে অনুষ্ঠিত নারী ফুটবল লিগে অংশ নেওয়ার পর স্বল্প সময়ের জন্য ঢাকায় ফিরেই ঋতুপর্ণা প্রথম আলো ক্রীড়া পুরস্কারে ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান অর্জন করেন। একই আসরে জাতীয় দলের আরেক ফরোয়ার্ড তহুরা খাতুন হয়েছেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ । ১১:১৫ অপরাহ্ণ