৫ সেপ্টেম্বর ২০২৫
আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ঘিরে আলোচনার শেষ নেই। কারণ এটি হতে পারে লিওনেল মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৫টা ৩০ মিনিটে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে পরীক্ষিত একাদশই নামাবেন বলে ধারণা করা হচ্ছে। গোলবারে থাকছেন নির্ভরযোগ্য এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। ডিফেন্সে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্দির জায়গা প্রায় নিশ্চিত। তবে বাঁ-পাশে নিকোলাস টালিয়াফিকো নাকি মার্কোস আকুনা—শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নেবেন কোচ।
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দে পল নিশ্চিত হলেও তৃতীয় মিডফিল্ডার নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ইনজুরির কারণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিষেধাজ্ঞায় থাকা এনজো ফার্নান্দেজ অনুপস্থিত। ফলে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং কোমোর প্রতিভাবান নিকোলাস পাজ।
আক্রমণভাগে কোনো পরিবর্তন আসছে না। লিওনেল মেসির সঙ্গে খেলবেন ফর্মে থাকা জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নিকোলাস টালিয়াফিকো/মার্কোস আকুনা
মিডফিল্ড: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ/ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা