৩ সেপ্টেম্বর ২০২৫
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে জয় দিয়ে শুরু করা হলো না বাংলাদেশের। ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
ম্যাচজুড়ে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রেখেছিল ভিয়েতনাম। তবে একের পর এক আক্রমণ সামলিয়ে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ নজর কাড়েন অসাধারণ সেভে। তার বীরত্বে হারের ব্যবধান বড় না হলেও শেষ পর্যন্ত পরাজয় এড়ানো যায়নি।
প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা
ম্যাচের ১৫ মিনিটে ভিয়েতনামের ফরোয়ার্ড এনগুয়েন এনককের ডান পায়ের শটে গোলের দেখা পায় স্বাগতিকরা। এরপর আরও কয়েকটি আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। প্রথমার্ধে বাংলাদেশও কিছু সুযোগ তৈরি করেছিল। ৩৫ মিনিটে শেখ মোরছালিনের ফ্রি-কিক এবং ৪১ মিনিটে আল আমিনের প্রচেষ্টা কাজে লাগাতে পারেনি লাল-সবুজরা। ফলে ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে শ্রাবণের নৈপুণ্য
বিরতির পর বাংলাদেশ কিছুটা গোছানো ফুটবল খেললেও শেষ ভাগে ফের আক্রমণাত্মক হয়ে ওঠে ভিয়েতনাম। ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় লি ভিক্টরের শট ঠেকান শ্রাবণ, মুহূর্ত পর তার আরেকটি শট লাগে পোস্টে। ৮২ মিনিটে শ্রাবণ করেন ম্যাচসেরা সেভ।
তবে এক মিনিট পর সেট পিস থেকে ব্যবধান দ্বিগুণ করে ভিয়েতনাম। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে প্রথমে ফাম লি ডুকের হেডে গোলমুখে বল আসতেই ঝাঁপিয়ে উঠে ভিক্টর হেড করে জালে পাঠান। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
পরের ম্যাচ ইয়েমেনের বিপক্ষে
সি গ্রুপের অন্য ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। ফলে গ্রুপ পর্বে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ।