২৪ আগস্ট ২০২৫
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয়ে ফিরেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে কিছুটা চাপেই ছিল লাল-সবুজের মেয়েরা। তবে রবিবারের ম্যাচে দারুণ পারফরম্যান্সে আবারও জয়ের ধারায় ফিরল অপির্তা বিশ্বাসের দল।
প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। এরপর ৪৫ মিনিটে মাঝমাঠ থেকে সংগঠিত আক্রমণে বল পান সুরভী আকন্দ প্রীতি। নেপালের গোলরক্ষককে কাটিয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে নেপাল গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬২ মিনিটে বক্সে প্রবেশ করে নেয়া তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৭০ মিনিটে অফসাইড ট্র্যাপ ভেদ করেও গোল করতে ব্যর্থ হয় নেপালের দুই ফরোয়ার্ড।
বাংলাদেশও একাধিক সুযোগ পেয়েছিল। সুরভী আকন্দ প্রীতির শট দুইবার (৮০ মিনিট ও ইনজুরি সময়ে) পোস্টে লাগে। থৈনু মারমার ৮৫ মিনিটের দূরপাল্লার শটও গোলবারে লেগে ফিরে আসে। তবে ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় রিয়া দুর্দান্ত দক্ষতায় গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
টুর্নামেন্টটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে।
বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী—
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ
সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে নেপাল
কোনো পয়েন্ট না থাকায় তলানিতে ভুটান
বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচগুলো জিতে চ্যাম্পিয়নশিপের লড়াই জমিয়ে তোলার।