১৮ আগস্ট ২০২৫
ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক ফাবিও ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। শনিবার (১৬ আগস্ট) ব্রাজিল সেরি আ লিগে ফোর্টালেজার বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নেমে তিনি ছুঁয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিল্টনের ২৮ বছর পুরোনো বিশ্বরেকর্ড।
৪৪ বছর বয়সী ফাবিওর এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ১,৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। ম্যাচে ফ্লুমিনেন্স ২-১ গোলে জয় পায়। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন উনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০ ম্যাচ), ক্রুজেইরো (৯৭৬ ম্যাচ) এবং ফ্লুমিনেন্সের হয়ে ইতিমধ্যেই ২৩৪ ম্যাচ।
আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) কোপা সুদআমেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে কালির বিপক্ষে মাঠে নামলে ফাবিও শিল্টনকে ছাড়িয়ে যাবেন। নিয়মিত একাদশের সদস্য হওয়ায় তাকে পাওয়া প্রায় নিশ্চিত।
শিল্টনের ক্যারিয়ার ছিল ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত। গিনেস ও বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক সংস্থার হিসাবে তার মোট ম্যাচ সংখ্যা ১,৩৯০ হলেও তিনি নিজে দাবি করেছিলেন ১,৩৮৭। কিছু অনানুষ্ঠানিক ম্যাচকে তিনি গণনায় ধরতে চাননি, আবার কিছু ম্যাচ যোগ করেছিলেন যা সাধারণত বিবেচনায় আসে না।
রেকর্ড স্পর্শ করার পর ফাবিও বলেন,
"ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হতে এবং সতীর্থদের সাহায্য করতে। ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়।"
তিনি আরও যোগ করেন,
"প্রতিটি ম্যাচই কঠিন ছিল। আমরা সবসময় শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হই। আমাদের লক্ষ্য শিরোপা জয়, আর সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"